ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান, নবম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন নেছা এবং দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ও তিথি।

বক্তারা অভিযোগ করেন, প্রায় এক মাস আগে প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান বিদ্যালয়ে যোগদানের পর বিভিন্ন অনিয়ম দূর করার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন বলে তাঁদের দাবি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বেনামে মিথ্যা অভিযোগ দেওয়ারও অভিযোগ করেন তাঁরা।

বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগ বাধাগ্রস্ত করা উচিত নয়। প্রধান শিক্ষককে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্য করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

এ সময় তাঁরা অভিযোগ প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং অপপ্রচার বন্ধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।