বরিশালের আগৈলঝাড়ায় প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা ও জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ অন্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার ১০ ধরনের প্রান্তিক পেশার ৩০ জন পেশাজীবী প্রথম ব্যাচে প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধি, কাজের আধুনিক পদ্ধতি ও ব্যবসায়িক উন্নয়নের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে জানানো হয়, প্রশিক্ষণার্থীদের নির্ধারিত ভাতার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করতে প্রত্যেককে ব্যাংক হিসাবের মাধ্যমে এককালীন অনুদান দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে অনুদানের চেক ও প্রশিক্ষণ সম্পন্নের সনদপত্র তুলে দেওয়া হয়।