সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এর কয়েক ঘণ্টা আগে রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হামলাটি নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর আগে দক্ষিণ-পশ্চিম ইয়েমেনের রাস আল-আরা ও আল-মাদারিবাহ এলাকায় অবস্থানরত সৌদি বাহিনীকে লক্ষ্য করে আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে গোষ্ঠীটি।

তবে রিয়াদ বিমানবন্দরে হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা