ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। এরই মধ্যে স্থাপনাটির আশপাশের মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। এর জবাবে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে লোকজনকে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে হুথি বিদ্রোহীরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা জানায়, সৌদি জোট সানায় হামলা চালালে সৌদি আরবের দাম্মামে অবস্থিত আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে অবস্থিত আরামকোর তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালানো হবে। এসব স্থাপনা থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে সতর্ক করেছে তারা।
গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি আরবের মধ্যে সরাসরি সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপর হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে সৌদি জোট।
এদিকে মঙ্গলবারও রিয়াদের দিকে ড্রোন ছোড়া হয়েছে বলে জানিয়েছে সৌদি জোট। ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি। তবে সেগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল কিংবা কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
সূত্র: আল মায়েদান
মন্তব্য করুন