আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে শ্রীমঙ্গলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শহরে যানজট নিয়ন্ত্রণ, নাশকতা প্রতিরোধ, সিসিটিভি নজরদারি ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী এমপি।

সভায় উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেগুলো সার্বক্ষণিক সচল রাখার ওপরও জোর দেওয়া হয়।

উৎসব চলাকালে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেওয়া হয়।

পূজাকে ঘিরে কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক কর্মকাণ্ড যাতে পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো কোনো তথ্য যাচাই ছাড়া প্রচার না করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজাকে ঘিরে প্রয়োজনীয় নিরাপত্তা, প্রশাসনিক সহায়তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে।

সভায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ১৭৩টি পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।