‘কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩নং রামনা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মোট ৭৬৪ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সেচ সুবিধা, কৃষিঋণ, কৃষি যন্ত্রপাতি, কৃষি বীমা, প্রশিক্ষণ এবং কৃষি-সংক্রান্ত তথ্য ও পরামর্শসহ বিভিন্ন সরকারি সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসাদুজ্জামান (বিপিএম), বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বামনা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক হোসেন খান, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আলহাজ্ব রুহুল আমিন শরীফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বামনা উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার, মো. ইকবাল কোরাইশী বাবু, উপজেলা কৃষক স্মার্ট কার্ড কমিটির সদস্য মো. নেসার উদ্দিন শরীফ, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনিরুল ইসলাম সোয়েব, মো. নাসির উদ্দিন নিলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর ইসলাম শিমুল, ছাত্রদলের সভাপতি মো. নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মো. সজিব হোসেন মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান শক্তি। কৃষকদের সরকারি সেবা ও প্রয়োজনীয় কৃষি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কৃষক কার্ড কার্যক্রম নেওয়া হয়েছে। কৃষকরা যেন সময়মতো প্রয়োজনীয় সেবা ও উপকরণ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কৃষকের উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।