খেলাধুলাভিত্তিক বেটিং অ্যাপ ‘নভিগ’-এর বিজ্ঞাপনে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী ও ‘ইউফোরিয়া’ তারকা সিডনি সুইনি। বিজ্ঞাপনটি প্রকাশের পর মাত্র দুই দিনে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি অনুসারী হারিয়েছেন তিনি।

গত বুধবার প্রকাশিত এক মিনিটের বিজ্ঞাপনে সিডনিকে শরীরের সংবেদনশীল অংশগুলো বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম দিয়ে আড়াল করে দেখা যায়। বিজ্ঞাপনটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হলে অনুসারী হারানোর ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘সোশ্যাল ব্লেড’-এর হিসাবে, গত রোববার সিডনির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৩৬ হাজার ৮৪৮ জন এবং পরদিন আরও প্রায় ৬৮ হাজার অনুসারী সরে যান। তবে তার মোট অনুসারীর সংখ্যা আড়াই কোটির বেশি হওয়ায় হারানো অনুসারীর হার ১ শতাংশেরও কম।

বিজ্ঞাপনটিতে নারীর শরীরকে যৌন আবেদন তৈরির উপকরণ হিসেবে ব্যবহারের অভিযোগ করেছেন কয়েকজন নারী ক্রীড়াবিদ। অস্ট্রেলিয়ার চারবারের অলিম্পিক সোনাজয়ী সাঁতারু আরিয়ার্ন টিটমাসও সামাজিক মাধ্যমে এর সমালোচনা করেছেন।

সমালোচনার জবাবে সিডনি সুইনি জানান, পুরো প্রচারণাটি মজার ছলে তৈরি করা হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল সব ধরনের কোলাহল সরিয়ে মানুষের মনোযোগ খেলাধুলার দিকে ফেরানো। পরে তিনি নভিগের বিজ্ঞাপনের ছবি পুনরায় ইনস্টাগ্রামে প্রকাশ করেন এবং ইএসপিএনের ‘বডি ইস্যু’র কয়েকটি প্রচ্ছদও স্টোরিতে শেয়ার করেন।

সিডনি সুইনি এর আগেও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনে আবেদনময় ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় এসেছেন।