শ্রীমঙ্গল পৌর এলাকায় উন্মুক্তভাবে গবাদি পশু ছেড়ে দেওয়ার প্রবণতা বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গল পৌর এলাকার সকল গবাদি পশুর মালিককে পুনরায় সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখনও অনেক গবাদি পশুর মালিক তাঁদের পশু উন্মুক্ত অবস্থায় সড়ক, ফুটপাত, বাজার, জনসাধারণের চলাচলের স্থান ও অন্যান্য খোলা এলাকায় ছেড়ে দিচ্ছেন। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং পৌর এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও অনেকেই নির্দেশনা মানছেন না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল গবাদি পশুর মালিককে নিজ নিজ পশু যথাযথভাবে নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, কোনো অবস্থাতেই গবাদি পশু সড়ক, ফুটপাত, বাজার কিংবা জনসাধারণের চলাচলের স্থানে ছেড়ে দেওয়া যাবে না।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো গবাদি পশু উন্মুক্ত অবস্থায় সড়ক বা জনসাধারণের চলাচলের স্থানে পাওয়া গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পৌরসভার মাধ্যমে গবাদি পশু জব্দ করা হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো. জিয়াউর রহমান পৌর এলাকাকে সুন্দর, পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য রাখতে এ নির্দেশনা বাস্তবায়নে সকল নাগরিকের সচেতনতা ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন