মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন্যপ্রাণী কার্যালয়ে হস্তান্তর করা হলে স্বাস্থ্য পরীক্ষা শেষে একই দিন লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন।

পরে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের বাবু সেলিম মিয়াকে জানালে তিনি বন্যপ্রাণী বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন্যপ্রাণী বিভাগের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারী দল জানায়, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি।

উদ্ধারের পর অজগরটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী কার্যালয়ে হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গল কার্যালয় সূত্রে জানা গেছে, সাপটি সম্পূর্ণ সুস্থ থাকায় মঙ্গলবার দুপুরেই প্রাকৃতিক আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যান-এ অবমুক্ত করা হয়েছে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, অজগর নির্বিষ ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। এটি ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে দ্রুত বনবিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।