প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাবেন। সফরকালে তিনি আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই হবে তার প্রথম ভাষণ।
এবারের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। পাশাপাশি তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং কয়েকজন সরকারপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এ সফর হবে সংক্ষিপ্ত। তিনি নিউইয়র্কে চার থেকে পাঁচ দিন অবস্থান করবেন এবং আগামী ২৫ বা ২৬ সেপ্টেম্বর দেশে ফেরার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বোচ্চ ৩৫ সদস্যের প্রতিনিধিদল থাকবে।
মন্তব্য করুন