শ্রীমঙ্গলে নানা আয়োজনে বিশ্ব ‘আইভিএফ’ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় সেন্টার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের চিফ কনসালটেন্ট ডা. নিবাস চন্দ্র পাল। র‍্যালিতে সেন্টারের চেয়ারম্যান দীপশিখা ধর, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সন্তান ধারণে সমস্যায় ভোগা দম্পতিদের জন্য আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম সফল প্রযুক্তি হলো আইভিএফ বা টেস্টটিউব বেবি পদ্ধতি। সময়মতো সঠিক চিকিৎসা ও বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করলে অনেক নিঃসন্তান দম্পতির সন্তান লাভের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। তাই এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করা এবং আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গলের দীপশিখা ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড কাউন্সেলিং সেন্টার (টেস্টটিউব বেবি সেন্টার) বৃহত্তর সিলেট অঞ্চলে আধুনিক ল্যাবসমৃদ্ধ আইভিএফ চিকিৎসাসেবা প্রদানকারী প্রথম প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সেন্টারটির মাধ্যমে সফলভাবে ১৮৯ জন টেস্টটিউব শিশুর জন্ম হয়েছে। আধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক এবং উন্নত ল্যাব সুবিধার সমন্বয়ে প্রতিষ্ঠানটি বন্ধ্যাত্ব সমস্যায় ভোগা অসংখ্য দম্পতির কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বিশ্ব আইভিএফ দিবসের এ আয়োজনের মাধ্যমে আধুনিক প্রজনন চিকিৎসার গুরুত্ব তুলে ধরা, বন্ধ্যাত্ব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিঃসন্তান দম্পতিদের মাঝে আশার বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।