প্রতি বছর বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করতে হবে।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সরকার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে। শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ আরও কার্যকরভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

প্রধানমন্ত্রী শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের পারিবারিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক আচরণ গড়ে তুলতেও সহযোগিতা করার আহ্বান জানান।

তিনি আরও জানান, মেয়েদের উচ্চশিক্ষা বিস্তারে অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। পাশাপাশি পর্যায়ক্রমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নতুন স্কুল ড্রেস দেওয়া হবে। শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুলে মিড-ডে মিল চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, আগামীর বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত ক্ষুদে শিক্ষার্থীদের হাতে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

এর আগে, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।