পটুয়াখালীর দুমকি উপজেলার ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি ক্রসিংয়ের সময় নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটেছে। এতে বাস দুটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুমকি উপজেলার লেবুখালী কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে বিপরীতমুখী দুটি বাস একে অপরকে অতিক্রম (ক্রসিং) করার চেষ্টা করছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে যায়।
দেখা যাচ্ছে, ‘মিজান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা সড়ক থেকে নিচে নেমে গিয়ে মারাত্মকভাবে কাত হয়ে ঝোপঝাড়ের ওপর আটকে রয়েছে। অন্যদিকে, দেখা যায় ‘অ্যাডভেঞ্চার এক্সপ্রেস’ নামের আরেকটি বাসের সামনের অংশ সড়কের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছে।
দুর্ঘটনার তীব্রতা দেখে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হলেও, আল্লাহর অশেষ রহমতে দুই বাসের যাত্রীদের কেউই গুরুতর আহত হননি। হঠাৎ এই দুর্ঘটনায় যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত গাড়ি থেকে নেমে আসেন। প্রাথমিক ধাক্কা সামলে স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন।
মহাসড়কের পাশে গাড়ি দুটি এভাবে পড়ে থাকায় কিছুক্ষণের জন্য যানচলাচলের গতি কিছুটা ধীর হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করার প্রক্রিয়া চলছিল।
মন্তব্য করুন