পটুয়াখালীর মির্জাগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তার পরিত্যক্ত সরকারী ভবনে বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের সদস্য ও মির্জাগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ চারজন মাদক সেবনকারীকে গ্রেফতার করেছে।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাতে উপজেলা সদর সুবিদখালী – বটতলা সড়কের পার্শ্বে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিত্যক্ত দুইটি ভবনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মোঃ শহিদ সিকদারের ছেলে আতিক সিকদার (১৭), মোঃ শিমুল খানের ছেলে মোঃ জিসান খান (১৭), মোঃ হালিম গাজীর ছেলে মোঃ মেহেদী হাসান শান্ত গাজী (২৩) ও মোঃ লিটন মুন্সীর ছেলে মোঃ রাকিব মুন্সী (৩১)।

বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) রাত ১০টার দিকে মির্জাগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনী মির্জাগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান জীবন এর নেতৃত্বে স্পেশাল অভিযান পরিচালনা করা হয়। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ইমন এর ৩ সহযোগী মোঃ মেহেদী হাসান শান্ত গাজী (২৩), আতিক সিকদার (১৭) ও মোঃ জিসান খান (১৭)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ৩জনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী একজন বড় মাদক ব্যবসায়ী রাকিব মুন্সী (৩১)কে আটক করা হয়। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার ৪জনকে মির্জাগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আঃছালাম জানান, অভিযানকালে আতিক সিকদার ও জিসান খানের দেহ তল্লাশি করে ২টি করে মোট ৪টি ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১০, তারিখ- ২৩.০১.২০২৬ইং। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরনের প্রক্রিয়া চলমান রয়েছে।