আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে রাজনৈতিক সহাবস্থান, শান্তিপূর্ণ নির্বাচন ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে নির্বাচনী সৌহার্দ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের স্বনির্ভর রোডস্থ পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দিন মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম ও পটুয়াখালী প্রেসক্লাবের যৌথ আয়োজনে পটুয়াখালী-১ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংলাপে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী গণঅধিকার পরিষদের শহিদুল ইসলাম ফাহিম, আমার বাংলাদেশ পার্টির ডা. আব্দুল ওহাব মিনার, জাসদের গৌতম চন্দ্র শীল এবং বিএনপি প্রার্থীর পক্ষে প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ বায়েজিদ পান্না উপস্থিত ছিলেন। এছাড়া পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বরিশাল বিভাগের ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের পটুয়াখালী কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

মুখোমুখি জবাবদিহি পর্বে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিডিও কথোপকথন উপস্থাপন করা হয়। পরে একে একে প্রার্থীরা মঞ্চে উঠে নির্ধারিত প্রশ্নের উত্তর দেন। এ সময় এলাকার উন্নয়ন, মাদক নির্মূল, বেকারত্ব দূরীকরণ এবং তরুণ সমাজকে উজ্জীবিত করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংলাপ শেষে অংশগ্রহণকারীদের মতামতের আলোকে একটি সম্মিলিত গাইডলাইন প্রস্তুত করা হয়, যা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।