আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা বক্তব্যে নয়, বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন একটি জাতীয় দায়িত্ব এবং এর সুষ্ঠু বাস্তবায়ন প্রশাসনের সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর নির্ভর করে। তিনি উল্লেখ করেন, সব বিষয়ে মতভেদ থাকলেও পরিবর্তনের প্রত্যাশায় জনগণ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষেই অবস্থান নেবে বলে তার বিশ্বাস।
তিনি আরও জানান, এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন, যা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা তুলে ধরবে। এ লক্ষ্যে নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য রাখতে প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
সভায় জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী নির্বাচনী প্রস্তুতি ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। পুলিশ সুপার মো. আবু ইউসুফ নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
মন্তব্য করুন