মহান মুক্তিযুদ্ধে পটুয়াখালী শত্রুমুক্ত হওয়ার স্মরণে সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী জেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে পটুয়াখালী শত্রুমুক্ত হওয়ার দিনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশপ্রেম, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক মূল্যবোধে বিশ্বাসী নাগরিক গড়ে তোলাই মুক্ত দিবস পালনের মূল উদ্দেশ্য।
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, ইতিহাস বিকৃতি রোধ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন