পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাঁধঘাট, চৌরাস্তা ও বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাছিম রেজা’র নেতৃত্বে চালানো এ অভিযানে শতাধিক স্থাপনা অপসারণ করা হয়।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) এ অভিযানে অবৈধভাবে নির্মিত ১৬৬টি দোকানঘর, স্টার রেস্টুরেন্টের অননুমোদিত অংশ, একটি বাড়ির অবৈধ সিঁড়ি, শরীফ হোসেন সোনাবানু স্পেশালাইজড হাসপাতালের সামনে স্থাপিত বাগান, গাড়ি পরিষ্কার করার চারটি র্যাম্প, তিনটি অবৈধ ফার্মেসি এবং একটি বিলবোর্ড উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাছিম রেজা’র নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনীর সহায়তায় সওজ বিভাগ এ উচ্ছেদ কার্যক্রম চালায়। সংশ্লিষ্ট কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেন—“দীর্ঘদিনের দখলকৃত সরকারি জমি ফিরিয়ে এনে জনস্বার্থ নিশ্চিত করা আমাদের নিয়মিত দায়িত্ব।”
স্থানীয় বাসিন্দারা মনে করছেন—উচ্ছেদ অভিযানের ফলে সড়ক প্রশস্ত হয়েছে, যানজট কিছুটা কমবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। তারা প্রশাসনের উদ্যোগের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
অভিযানে পুনরুদ্ধার হওয়া সরকারি জমিতে বিভিন্ন প্রকার বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
মন্তব্য করুন