পটুয়াখালীর কলাপাড়ায় জমকালো বর্নাঢ্য আয়োজনে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে অবিচল থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে্য বুধবার ০৩ সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ-সংগঠন ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সভায় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর মহিলা দল, কৃষক দল, ওলামাদল, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, ইউনিয়ন বিএনপিসহ দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালীতে দলের পতাকা, ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

এ সংক্ষিপ্ত সভায় কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আমরা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে আন্দোলনে অবিচল ছিলাম। অবশেষে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশ নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করেছে। এই গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এবিএম মোশাররফ হোসেনকে জয়যুক্ত করতে হবে।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক বলেন, ১৯৭৮ সনের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর হাত ধরে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত দেড়যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। দলের ৪৭ বছরের এই পথচলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে দলকে এগিয়ে নিতে আহবান জানান তিনি।

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জন্ম নিয়েছে। বিএনপি’র সামনে অবারিত সুযোগ এসেছে নিজেদের নতুন করে জনগণের সামনে উপস্থাপনের। তাই আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করতে হবে।