পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দ্বীপ ইউনিয়ন চালিতাবুনিয়ার ভয়াবহ নদীভাঙন রোধে জরুরি সরকারি পদক্ষেপের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা জানান, গত এক যুগ ধরে বৃহত্তর আগুনমুখা নদীর তীব্র ভাঙনে চালিতাবুনিয়া ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে বসতবাড়ি, আবাদি জমি, মসজিদ, মাদ্রাসা ও সাইক্লোন শেল্টার হারিয়ে অসংখ্য পরিবার সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। চলমান বর্ষাকালে ভাঙনের মাত্রা আরও বাড়লে পুরো দ্বীপ বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মানববন্ধন কমিটির আহ্বায়ক ড. আবদুল লতিফ মাসুম বলেন,
“চালিতাবুনিয়ার মানুষ আজ ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ না হলে আমরা আমাদের দ্বীপ হারাবো। সরকারের কাছে আমাদের আকুল আবেদন— এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন।”

মানববন্ধনে চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হাওলাদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাহাউদ্দিন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শতাধিক ভুক্তভোগী গ্রামবাসী অংশ নেন।
মন্তব্য করুন