ব্যাচেলর ‘হাবু ভাই’ এখন বিবাহিত

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ । ১৫:১৯ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ । ১৫:১৯

তানজিয়া রহমান বিনোদন করেসপন্ডেন্ট:-

ব্যাচেলর তকমা ঘুচিয়ে অবশেষে নতুন জীবনে পা রাখলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে গায়েহলুদের পরপরই কাবিন সেরে ফেলেন।

শুক্রবার রাতে বাকি আনুষ্ঠানিকতা সেরে স্ত্রী তুলতুল ইসলামকে ঘরে তোলেন এ অভিনেতা।

২৫ আগস্ট, রাতে রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে ছোট পরিসরে সারেন বিয়ের আনুষ্ঠানিকতা। জানা যায়, চাষী আলমের অভিনয়ের ভক্ত ছিলেন তার স্ত্রী তুলতুল। এরপর পরিচয় থেকে পরিণয়ে গড়ায় তাদের সম্পর্ক।

চাষী বলেন, ‘তুলতুলের এক ভাগনে আমার কাজের ভক্ত। একদিন উত্তরার এক দোকানে কয়েকজন বন্ধু মিলে চটপটি খাচ্ছিলাম। ভাগনের সঙ্গে সেখানে তুলতুলও চটপটি খেতে এসেছিল। আমাকে দেখে তুলতুল ও তার ভাগনে ছবি তুলল। আমার অভিনয়ের প্রশংসা করল। ওই দিনই প্রথম পরিচয়। আমার ফোন নম্বর নিয়েছিল। এর কিছুদিন পর ফোনে আমাদের দুজনের কথা আদান–প্রদান শুরু হয়। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালো লাগা কাজ করে। বেশি দিন তো প্রেমের স্বাদ নিতে পারলাম না। চাচি ও মায়ের চাপাচাপিতে তাড়াতাড়িই বিয়ে হয়ে গেল। তুলতুলের সঙ্গে আমার আংশিক বা স্বল্পদৈর্ঘ্য প্রেমের বিয়ে বলতে পারেন। হা হা হা।’

হানিমুনে ইউরোপ যাবেন জানিয়ে এ অভিনেতা বলেন, ‘হানিমুন করতে ইউরোপ যাব। তবে এখনই নয়। কারণ, আমার বেশ কয়েকটি নাটকের শিডিউল দেওয়া আছে। আগে নাটকগুলোর শুটিং শেষ করতে হবে। এরপর হাতে সময় নিয়ে হানিমুনে যাব।’

জানা গেছে, চাষী আলমের স্ত্রী তুলতুল ইসলামের ডাক নাম মোহনা। পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর বাড্ডায়। দুই বোন এক ভাইয়ের সবার ছোট সে। মা গৃহিণী, বাবা ব্যবসায়ী। মাঝে দুই বছর পড়াশোনা বন্ধ ছিল। এরপর গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন মোহনা। আপাতত পড়াশোনা বন্ধ আছে তার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!