কমলগঞ্জে বুধবার ভোর ৫টায় শেষ..

প্রকাশ: 25 November 2026 । 14:32 | আপডেট: 25 November 2026 । 14:32

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

দেশ-বিদেশের হাজারো মানুষের মিলনমেলা, নৃত্য-গীত ও সাংস্কৃতিক আয়োজনে মুখর মাধবপুর। উপস্থিত ছিলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, সচিব ও সিলেট বিভাগের প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজন, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যবাহী নৃত্য-গীতের মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ১৮৪তম মহারাসলীলা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতভর রাসনৃত্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টায় উৎসবের সমাপ্তি ঘটে। এ উৎসবে দেশ-বিদেশের হাজারো ভক্ত, দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে।

উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথকভাবে রাস উৎসবের আয়োজন করা হয়। মণিপুরী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের উদ্যোগে মাধবপুরে ১৮৪তম এবং মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে আদমপুরে ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে গোষ্ঠলীলা বা রাখালনৃত্যের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাখালের বেশে শিশু-কিশোরেরা শ্রীকৃষ্ণের বাল্যলীলা নৃত্যাভিনয়ের মাধ্যমে তুলে ধরে। সন্ধ্যায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ১১টার পর শুরু হয় উৎসবের মূল আকর্ষণ মহারাসনৃত্য। রাধা ও গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রেমলীলা মণিপুরী তরুণীরা ঐতিহ্যবাহী পোশাক, মুকুট ও ঘুঙুরের ছন্দে নৃত্য-গীতের মাধ্যমে পরিবেশন করেন। মৃদঙ্গ, করতাল ও বাঁশির সুরে মণ্ডপ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন।

রাস উৎসব উপলক্ষে মাধবপুর ও আদমপুরে বসে গ্রামীণ মেলা। মণিপুরী তাঁতবস্ত্র, হস্তশিল্প, বাদ্যযন্ত্রসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দেশের বিভিন্ন জেলা ছাড়াও বিদেশি পর্যটকদের উপস্থিতিতে উৎসবস্থল হয়ে ওঠে মিলনমেলা। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে প্রশাসন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে মণিপুরী মহারাসলীলা উৎসবের সূচনা হয়। অষ্টাদশ শতাব্দীতে মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র রাসলীলার প্রবর্তন করেন। রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও ভাবকীর্তিনির্ভর এ নৃত্য মণিপুরী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ১৯১৯ সালে সিলেটের একটি মণিপুরী পল্লিতে রাসনৃত্য দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মুগ্ধ হন। পরবর্তীতে তাঁর মাধ্যমে মণিপুরী নৃত্য বৃহত্তর পরিসরে পরিচিতি লাভ করে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ উৎসব এখন মণিপুরী সম্প্রদায়ের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!