শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনি..

প্রকাশ: 25 November 2026 । 10:52 | আপডেট: 25 November 2026 । 10:52

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দুর্নীতির মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করবেন বলে প্রত্যাশা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি স্বেচ্ছায় দেশে ফিরে আইনি প্রক্রিয়ায় অংশ না নিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক সচিব সাইদুর রহমান খান এসব কথা বলেন।

দুদক সচিব বলেন, ‘আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে আছি। তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটাই প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে তাকে আইনিভাবে ফেরানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার, তা অবলম্বন করব।’

সাইদুর রহমান খান বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ ধরনের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, সাক্ষ্য-প্রমাণসহ আদালতে আবেদন জানানো হবে। গ্রেপ্তার, বিচারের মুখোমুখি করা এবং অন্যান্য আইনি পদক্ষেপের বিষয়ে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। দুদকের পক্ষ থেকে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন ও আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

দুদক সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে আইনিভাবে আদালতের কাছে যাব। আমাদের পক্ষ থেকে যেসব সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার কথা, সেগুলো উপস্থাপন করব। দুদকের কাছে ব্যক্তি কোনো বিষয় নয়, সবার জন্য আইন সমভাবে প্রয়োগ হবে।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতির মুখপাত্রের তথ্য অনুযায়ী, দুই বছরেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ৭৯ বছর বয়সী শেখ হাসিনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফেরার তারিখ হিসেবে ১৬ ডিসেম্বর নির্ধারণ করেছেন। তবে বাংলাদেশ সরকার জানিয়েছে, প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।

নির্বাসনে যাওয়ার পর এই প্রথম দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং চলতি মাসের শুরুর দিকে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার প্রেক্ষাপটে এ ঘোষণা এসেছে।

ক্ষমতার পরিবর্তনের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা করে সংস্থাটি। এর মধ্যে ছয়টি মামলার রায় হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন, মেয়ে ও ছেলের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!