২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম..
প্রকাশ: 19 November 2026 । 17:57 | আপডেট: 19 November 2026 । 17:57
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক জনমিতিক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে। খবর আরব নিউজের।
প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে বিশ্বে খ্রিষ্টানদের সংখ্যা ছিল ২২৭ কোটি এবং মুসলমানের সংখ্যা ২০২ কোটি। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৩৫ সালে মুসলমানের সংখ্যা বেড়ে ২৫৭ কোটিতে পৌঁছাতে পারে। একই সময়ে খ্রিষ্টানদের সংখ্যা দাঁড়াতে পারে ২৫২ কোটিতে। ফলে অনুসারীর সংখ্যায় খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে মুসলমানরা।
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা ৩৬০ কোটির বেশি হতে পারে। অন্যদিকে, খ্রিষ্টানদের সংখ্যা ৩০০ কোটির কিছু কম থাকার সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, ইসলাম ও খ্রিষ্টধর্ম—উভয় ধর্মের অনুসারীর সংখ্যা বাড়লেও মুসলমানদের সংখ্যা তুলনামূলক দ্রুতগতিতে বাড়ছে। এর অন্যতম প্রধান কারণ মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার অন্যান্য প্রধান ধর্মীয় জনগোষ্ঠীর তুলনায় বেশি।
পিউ রিসার্চ সেন্টারের জ্যেষ্ঠ জনমিতিবিদ কনরাড হ্যাকেট বলেন, ‘এটি মূলত শিশুর সংখ্যার বিষয়।’ তাঁর ব্যাখ্যা অনুযায়ী, ধর্মান্তর বা ধর্মীয় পরিচয় পরিবর্তনের চেয়ে সন্তান জন্মদানের হারই জনসংখ্যা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে মুসলিম নারীদের গড় সন্তান জন্মদানের হার ছিল ৩ দশমিক ১। খ্রিষ্টান নারীদের ক্ষেত্রে এ হার ২ দশমিক ৫ এবং অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর নারীদের ক্ষেত্রে ১ দশমিক ৬। একটি প্রজন্মের জনসংখ্যা প্রতিস্থাপনের জন্য সাধারণত ২ দশমিক ১ সন্তান জন্মদানের হার প্রয়োজন বলে বিবেচনা করা হয়।
যুক্তরাষ্ট্র ও কানাডায় কমবে খ্রিষ্টানদের সংখ্যাগরিষ্ঠতা
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী চার দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানরা আর সংখ্যাগরিষ্ঠ থাকবে না। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৬২ শতাংশ খ্রিষ্টান। ২০৬৫ সালের মধ্যে এ হার ৫০ শতাংশের নিচে নেমে আসতে পারে।
প্রতিবেশী কানাডায় ২০৩০ সালের মধ্যেই খ্রিষ্টানদের সংখ্যা মোট জনসংখ্যার ৫০ শতাংশের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুই দেশেই এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে ধর্মীয় পরিচয়হীন মানুষের সংখ্যা বৃদ্ধির কথা উল্লেখ করেছে সংস্থাটি। এ জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন নাস্তিক, অজ্ঞেয়বাদী এবং কোনো নির্দিষ্ট ধর্মের সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিরা।
পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ৪১ শতাংশ ধর্মীয় পরিচয়হীন হতে পারে। একই সময়ে কানাডায় এ জনগোষ্ঠীর সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।
বিশ্ব জনসংখ্যা বৃদ্ধিতে এগিয়ে থাকবে মুসলমান ও খ্রিষ্টানরা
পিউ রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যা ২৯ শতাংশ বাড়তে পারে। এ সময়ে খ্রিষ্টানদের সংখ্যা ৩০ শতাংশ এবং মুসলমানদের সংখ্যা ৮০ শতাংশ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
হিন্দু ও ইহুদিদের মোট সংখ্যা বাড়লেও বিশ্ব জনসংখ্যার অনুপাতে তাদের অংশ কমতে পারে। অন্যদিকে, বৌদ্ধদের সংখ্যা ও বিশ্ব জনসংখ্যায় তাদের অংশ—উভয়ই কমার সম্ভাবনা রয়েছে। এর অন্যতম কারণ হিসেবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের জনসংখ্যা হ্রাসের কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দশকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির বড় অংশ ঘটবে আফ্রিকায়, বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলে। এ অঞ্চলের অধিকাংশ মানুষ খ্রিষ্টান অথবা মুসলমান। উচ্চ জন্মহার ও মানুষের গড় আয়ু বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে এ দুই ধর্মের অনুসারীর সংখ্যা বাড়তে পারে।
২০৭০ সালের মধ্যে বিশ্বের মোট খ্রিষ্টান জনসংখ্যার অর্ধেকেরও বেশি সাহারা-নিম্ন আফ্রিকা অঞ্চলে বসবাস করতে পারে। এ সময়ে খ্রিষ্টান জনসংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে কঙ্গো। দেশটিতে খ্রিষ্টানদের সংখ্যা তিন গুণের বেশি বেড়ে ২৯ কোটি ৯০ লাখে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইউরোপে ২০৭০ সালের মধ্যে জনসংখ্যা ১৭ শতাংশ কমতে পারে। এ অঞ্চলে খ্রিষ্টানদের সংখ্যা ৫০ কোটি ৫০ লাখ থেকে কমে ৩২ কোটি ৪০ লাখে নেমে আসতে পারে। তবে ইউরোপের মোট জনসংখ্যায় মুসলমানদের অংশ ৬ শতাংশ থেকে বেড়ে ১৩ শতাংশ হতে পারে।
যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের সংখ্যা ২০২০ সালের প্রায় ২১ কোটি ৭০ লাখ থেকে কমে ২০৭০ সালে প্রায় ১৭ কোটি ৪০ লাখে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ।
মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার সবচেয়ে বেশি
পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে বিশ্বের প্রধান ধর্মীয় জনগোষ্ঠীগুলোর মধ্যে মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার ছিল সবচেয়ে বেশি।
এ সময়ে মুসলিম মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২৫ কোটি ২০ লাখ শিশু। বিপরীতে খ্রিষ্টান মায়েদের ঘরে জন্ম নিয়েছে প্রায় ২০ কোটি ৮০ লাখ শিশু।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে মুসলমানরাই একমাত্র প্রধান ধর্মীয় জনগোষ্ঠী হবে, যাদের জন্ম নেওয়া শিশুর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকবে। অন্য ধর্মীয় জনগোষ্ঠীর ক্ষেত্রে এ সংখ্যা স্থিতিশীল থাকতে পারে অথবা ধীরে ধীরে কমতে পারে।
বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৭০ সালের মধ্যে পাকিস্তান হবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। এরপর থাকবে ভারত, নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানের বসবাস ইন্দোনেশিয়ায়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.