তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে..

প্রকাশ: 19 November 2026 । 17:44 | আপডেট: 19 November 2026 । 17:55

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে।

অনুষ্ঠানে তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’

প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা এবং গবেষণায় দক্ষ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আধুনিক গবেষণাগার, গবেষণার সুযোগ ও ইনকিউবেশন সুবিধা পেলে বাংলাদেশের তরুণেরা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। এ জন্য সরকার একটি কার্যকর ও মেধাভিত্তিক পরিবেশ তৈরিতে কাজ করছে।

তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই যোগ্য ও দক্ষ হয়ে উঠতে হবে। শুধু বিমান চালনা বা পরিচালনায় সীমাবদ্ধ না থেকে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস প্রযুক্তির উদ্ভাবনেও এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা না হয়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানান প্রধানমন্ত্রী। এ অর্থ যথাযথভাবে ব্যবহারের পরও প্রয়োজন হলে আরও বরাদ্দ দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্ভাবন বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব প্রযুক্তি যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে হবে। সরকার এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের তরুণেরা শুধু অন্যের প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবে না, বরং নিজেদের উদ্ভাবনের মাধ্যমে নতুন শিল্পের বিকাশ ঘটিয়ে বিশ্বে সম্মানজনক অবস্থান তৈরি করবে।

প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!