নাঈমের ক্যারিয়ারসেরা ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে..
প্রকাশ: 31 October 2026 । 12:12 | আপডেট: 31 October 2026 । 12:12
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর ৬ উইকেটে ৭৯ রান নিয়ে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই দিনের খেলা শেষ হয়। চতুর্থ দিনে ঘুরে দাঁড়ানোর আশা ছিল স্বীকৃত ব্যাটার জাকের আলির ওপর। তবে তিনি বড় ইনিংস খেলতে পারেননি। আট নম্বরে নামা নাঈম হাসানের ক্যারিয়ারের প্রথম ফিফটিতে শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
এর আগে টেস্টে নাঈমের সর্বোচ্চ রান ছিল অপরাজিত ৩৫। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে একমাত্র টেস্টে ওই ইনিংস খেলেছিলেন তিনি। এবার মিরপুরে দলের কঠিন পরিস্থিতিতে ক্যারিয়ারসেরা ব্যাটিং করলেন এই ডানহাতি ব্যাটার। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে গুটিয়ে দিতে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও অবদান রাখলেন তিনি।
প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করায় ২৭ রানের লিড পেয়েছিল। তবে তৃতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। চতুর্থ দিনের শুরুতেই জোমেল ওয়ারিকানের বলে রোস্টন চেজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জাকের আলি। তার ব্যাট থেকে আসে ২২ রান।
এরপর ২৯ রানে জীবন পাওয়া নাঈম সেই সুযোগ কাজে লাগান। স্লিপে চেজের হাত থেকে ক্যাচ ছুটে যাওয়ার পর দারুণ ব্যাটিং করেন তিনি। ৯১ বলে ৪ চারে ৫২ রান করে চেজের বলে ক্যাচ দেন নাঈম। তার ইনিংসেই দ্বিতীয় ইনিংসে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। জাকের আলির ২২ রান ছিল দ্বিতীয় সর্বোচ্চ।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন অধিনায়ক রোস্টন চেজ। জোমেল ওয়ারিকান শিকার করেন ৪ উইকেট। এর মধ্য দিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন চেজ।
১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ইতোমধ্যে ১ ওভার ব্যাট করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই ওভারে মেহেদী হাসান মিরাজের বলে জন ক্যাম্পবেলের প্যাডে বল লাগলে রিভিউ নেয় বাংলাদেশ। তবে বলের ইমপ্যাক্ট লাইন থেকে বাইরে থাকায় রিভিউ হারায় স্বাগতিকরা। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ৮ রান সংগ্রহ করেছে সফরকারীরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.