বিশ্ব চকলেট দিবস আজ, জানুন..

প্রকাশ: 28 October 2026 । 12:45 | আপডেট: 28 October 2026 । 12:46

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

শিশু থেকে প্রাপ্তবয়স্ক—চকলেট পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কখনো মন ভালো করার খাবার, কখনো প্রিয়জনকে উপহার, আবার কখনো উৎসবের আনন্দ বাড়াতে চকলেটের জুড়ি নেই। বিশ্বজুড়ে জনপ্রিয় এই মিষ্টি খাবারের প্রতি ভালোবাসা উদযাপনে প্রতিবছর ২৮ অক্টোবর পালিত হয় চকলেট দিবস।

চকলেটের রয়েছে নানা ধরন, স্বাদ ও ব্যবহার। কোনোটি দুধের স্বাদে ভরপুর, কোনোটি তীব্র স্বাদের, আবার কোনোটি রান্না ও মিষ্টান্ন তৈরিতে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের মিষ্টান্ন প্রস্তুতকারকদের উদ্যোগে দিবসটি পরিচিতি লাভ করে। দিনটি সব ধরনের চকলেটের বৈচিত্র্য উদযাপনের উপলক্ষ।

চকলেট তৈরি হয় যেভাবে

চকলেটের মূল উপাদান আসে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মানো ক্যাকাও গাছের বীজ থেকে। মেক্সিকো, মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে এই গাছের উৎপত্তি ও চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রায় খ্রিষ্টপূর্ব ১১০০ সাল থেকেই ক্যাকাও বীজ চাষের প্রমাণ পাওয়া যায়।

চকলেট তৈরির প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে ক্যাকাও বীজ গাঁজন করা হয়, যাতে এর স্বাদ ও সুগন্ধ তৈরি হয়। এরপর বীজ শুকিয়ে পরিষ্কার করে ভাজা হয়। খোসা ছাড়ানোর পর পাওয়া যায় ক্যাকাও নিবস। এগুলো প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় চকলেটের মূল উপাদান। পরে প্রয়োজন অনুযায়ী চিনি, দুধ ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি হয় বিভিন্ন ধরনের চকলেট।

চকলেটের পাঁচ জনপ্রিয় ধরন

১. চিনি ছাড়া রান্নার চকলেট

এই চকলেটে মূলত ক্যাকাওয়ের কঠিন অংশ ও ক্যাকাও বাটার থাকে। স্বাদে তীব্র হওয়ায় এটি সাধারণত কেক, বিস্কুটসহ বিভিন্ন মিষ্টান্ন তৈরি ও রান্নার কাজে ব্যবহার করা হয়।

২. মিষ্টি চকলেট

ক্যাকাওয়ের কঠিন অংশ, ক্যাকাও বাটার ও চিনি দিয়ে তৈরি হয় এই চকলেট। উপাদানের অনুপাত অনুযায়ী এর স্বাদ ও মিষ্টির মাত্রা ভিন্ন হতে পারে।

৩. দুধের চকলেট

ক্যাকাওয়ের মূল উপাদানের সঙ্গে গুঁড়া দুধ বা ঘন দুধ মিশিয়ে তৈরি করা হয় দুধের চকলেট। এর স্বাদ সাধারণত মিষ্টি এবং গঠন মসৃণ। অনেকের কাছেই এটি সবচেয়ে পছন্দের চকলেট।

৪. সাদা চকলেট

ক্যাকাও বাটার, চিনি ও দুধ দিয়ে তৈরি হয় সাদা চকলেট। এতে ক্যাকাওয়ের কঠিন অংশ থাকে না। এ কারণে এর রং, স্বাদ ও গঠন অন্য চকলেটের তুলনায় আলাদা।

৫. গোলাপি চকলেট

বিশেষ ধরনের ক্যাকাও বীজ থেকে তৈরি হয় গোলাপি আভাযুক্ত চকলেট, যা ‘রুবি চকলেট’ নামেও পরিচিত। এর স্বাদে মিষ্টির পাশাপাশি ফলের মতো সুগন্ধ ও হালকা টকভাব পাওয়া যায়। রং ও স্বাদের ভিন্নতার কারণে এটি চকলেটপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণীয়।

চকলেট শুধু একটি মিষ্টি খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ ইতিহাস, বৈচিত্র্যময় স্বাদ ও নানা প্রস্তুতপ্রণালি। পছন্দ অনুযায়ী কেউ দুধের চকলেট, কেউ সাদা চকলেট, আবার কেউ রান্নার চকলেট বেছে নেন। চকলেট দিবস তাই প্রিয় এই খাবারের নানা ধরন ও বৈশিষ্ট্য জানারও একটি উপলক্ষ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!