নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বিভাগসেরা আগৈলঝাড়ার..
প্রকাশ: 28 October 2026 । 11:05 | আপডেট: 28 October 2026 । 11:41
জগদীশ মন্ডল, আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশাল:-
নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিদ্যালয়, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র পার্থ দাস। প্রাথমিক পর্যায়ের ‘ক’ গ্রুপে ধারাবাহিক এ সাফল্যের পর এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে ক্ষুদে এই প্রতিভা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতায় নিজের সৃজনশীলতা ও চিত্রাঙ্কন দক্ষতার পরিচয় দিয়েছে পার্থ। প্রতিযোগিতার শুরুতে নিজ বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করে সে। এরপর উপজেলা পর্যায়ে প্রথম হয়ে উপজেলা প্রশাসনের কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করে। জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।
সর্বশেষ বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগে প্রথম স্থান অর্জন করে পার্থ দাস। এ পর্যায়ে তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।
গত ২৫ অক্টোবর, রোববার সকালে অনুষ্ঠিত বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার এবং বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব।
দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভাগীয় কমিশনার খুদে বিজয়ীদের অভিনন্দন জানান এবং জাতীয় পর্যায়েও তারা ভালো ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া পার্থ দাসের এ ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় থেকে শুরু করে বিভাগীয় পর্যায় পর্যন্ত প্রতিটি ধাপে প্রথম স্থান অর্জন করায় তার প্রতিভা ও অধ্যবসায়ের প্রশংসা করছেন সংশ্লিষ্টরা।
এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়ও ভালো ফলাফল করে নিজের বিদ্যালয়, উপজেলা, জেলা ও বরিশাল বিভাগের সুনাম বয়ে আনবে পার্থ—এমন প্রত্যাশা শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর। তাদের বিশ্বাস, যথাযথ উৎসাহ ও পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে একজন প্রতিভাবান চিত্রশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.