আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে কঠোর পদক্ষেপের..

প্রকাশ: 26 October 2026 । 18:03 | আপডেট: 26 October 2026 । 18:03

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পুলিশকে কঠোর হতে দিলে ‘ফ্যাসিস্ট পুলিশ’ আর নীরব থাকলে ‘দুর্বল পুলিশ’ বলা হয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারের শাহজাহান ইমাম টাওয়ারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ব্যাংকিং খাতে নৈতিকতা ও স্বচ্ছতার তাগিদ’ শীর্ষক অনুষ্ঠানে আইজিপি ইসলামী ব্যাংকিংয়ের নৈতিকতা, আর্থিক খাতের অনিয়ম এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ইসলামে সুদ ও ঘুষ সম্পূর্ণ হারাম। প্রকৃত ইসলামিক ব্যাংকিং হতে হবে সুদমুক্ত, যেখানে অংশীদারত্ব, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

অতীতে ব্যাংক দখল, ব্যাংকিং খাতে অনিয়ম এবং উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণার সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নজরদারি কার্যকর না হলে আইন থাকলেও তার বাস্তবায়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে গ্রাহক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—উভয় পক্ষকেই নৈতিক অবস্থানে থাকতে হবে।

বর্তমান ব্যবস্থাপনার অধীনে গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, অতীতের অনিয়ম ও বিপর্যয়ের পুনরাবৃত্তি ঠেকাতে হবে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ওপর নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশকে অকার্যকর করার কোনো চক্রান্ত বরদাস্ত করা হবে না। পাড়া-মহল্লায় মাদকের বিস্তার রোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। পুলিশ সদস্যদের কেউ অপরাধ করলে তাঁদেরও ছাড় দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, পুলিশের ওপর বারবার চড়াও হওয়া কিংবা বাহিনীটিকে অকার্যকর করার চেষ্টা করা হলে সমাজব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হবে। আইন প্রয়োগের সুযোগ ও প্রয়োজনীয় ক্ষমতা নিশ্চিত না করলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

গত ১৭ বছরে মাদকের বিস্তার ও এ-সংক্রান্ত অনিয়মের জন্য তৎকালীন নেতৃত্বকে দায়ী করে আইজিপি বলেন, ওই সময়ে সরকারি দলের কিছু নেতা মাদক ব্যবসা থেকে মাসোহারা পেতেন এবং পুলিশের কিছু সদস্যও এতে জড়িত ছিলেন। তিনি দাবি করেন, পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্প্রতি পুলিশের সমালোচনা করে নাগরিক সমাজের ১০১ জনের দেওয়া বিবৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্যক্তিস্বাধীনতার নামে কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়াতে পারেন না। সবাইকে সংবিধান ও আইনের আওতায় থাকতে হবে।

পুলিশের নিয়োগ ও সদস্যদের যোগ্যতা নিয়ে সমালোচনার জবাবে আইজিপি বলেন, তৃণমূল পর্যায়ে জনগণকে সেবা দিতে পুলিশ সদস্যদের যথাযথ জ্ঞান ও দক্ষতা প্রয়োজন। সমাজের সব শ্রেণির মানুষের সঙ্গে কাজ করতে হয় বলে পুলিশ বাহিনীতে শিক্ষিত ও যোগ্য জনবল নিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক ও শ্রমিক অসন্তোষের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এসব সমস্যার সব দায় পুলিশের ওপর চাপানো ঠিক নয়। সংবিধান অনুযায়ী পুলিশের কাজের জবাবদিহি ও ভারসাম্য বজায় রাখার ব্যবস্থা রয়েছে।

জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব পালনে পুলিশের মধ্যে যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, তা কাটিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে পুলিশ দিন-রাত কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের ভাষ্য, শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের জন্য আধুনিক বিকল্প ব্যাংকিং সুবিধা চালুর ক্ষেত্রে ‘কমিউনিটি ইসলামিক’-এর যাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!