২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে..
প্রকাশ: 23 October 2026 । 18:49 | আপডেট: 23 October 2026 । 18:49
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল করবে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। ঢাকা-চট্টগ্রাম রুট ছাড়িয়ে এবার কক্সবাজার পর্যন্ত যাত্রীসেবা দেবে ট্রেনটি। একই সঙ্গে কার্যকর হবে নতুন সময়সূচি।
শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেসের প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত হওয়ায় ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এসব স্টেশনের মধ্যে রয়েছে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী।
সংশ্লিষ্টদের আশা, নতুন এ রুট চালু হলে কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়ার পাশাপাশি রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে চলাচলকারী কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেসের বিরতিহীন যাত্রার কারণে মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যাওয়ার সুযোগ পেতেন না।
নতুন রুটে মহানগর এক্সপ্রেসে থাকবে ১৬টি কোচ। আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার। নতুন রুটে ট্রেন চলাচলের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক।
নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে নতুন রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.