‘এক টাকার মাস্টার’ লুৎফর রহমানকে..

প্রকাশ: 6 October 2026 । 17:57 | আপডেট: 6 October 2026 । 17:57

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

মাত্র এক টাকার বিনিময়ে ৫২ বছর ধরে দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন গাইবান্ধার ‘এক টাকার মাস্টার’ লুৎফর রহমান। প্রাতিষ্ঠানিক শিক্ষক না হয়েও দীর্ঘদিনের শিক্ষাসেবার স্বীকৃতি হিসেবে তাঁর জন্য অবসরভাতা প্রদানের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে লুৎফর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর দীর্ঘ শিক্ষাসেবা ও জীবনসংগ্রামের কথা উঠে আসে। তাঁর বক্তব্য শুনে প্রধানমন্ত্রী অবসরভাতা প্রদানের অনুশাসন দেন বলে অনুষ্ঠানে জানান শিক্ষামন্ত্রী।

গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমান। নদীভাঙন ও দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা লুৎফর ১৯৭৪ সাল থেকে দরিদ্র পরিবারের শিশুদের পড়ানো শুরু করেন। শুরুতে বিনা পারিশ্রমিকে পড়ালেও পরে অভিভাবকদের অনুরোধে প্রতীকী হিসেবে এক টাকা করে নেওয়া শুরু করেন। এভাবেই তাঁর নাম হয়ে যায় ‘এক টাকার মাস্টার’।

দীর্ঘ ৫২ বছরে তাঁর কাছে পড়েছে কয়েক প্রজন্মের শিক্ষার্থী। বাড়ির উঠান, খোলা জায়গা কিংবা গাছতলায় বসিয়েও তিনি শিশুদের পাঠদান করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া অর্থের চেয়ে তাদের প্রতিষ্ঠিত হওয়াকেই নিজের বড় অর্জন মনে করেন তিনি।

রাষ্ট্রীয় সম্মাননা ও অবসরভাতা প্রদানের উদ্যোগে আবেগাপ্লুত লুৎফর রহমান। সুস্থ থাকলে জীবনের শেষ দিন পর্যন্ত শিশুদের পড়িয়ে যেতে চান তিনি।

তাঁর স্বীকৃতির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশংসা করছেন। অনেকেই বলছেন, পদ-পদবি বা প্রাতিষ্ঠানিক পরিচয়ের চেয়ে মানুষের জন্য দীর্ঘদিনের অবদানই একজন মানুষের প্রকৃত মূল্যায়নের বড় মাপকাঠি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!