দেশের সব বন্দর সার্বক্ষণিক চালুর..

প্রকাশ: ১ আগস্ট ২০২৬ । ১৭:০৬ | আপডেট: ১ আগস্ট ২০২৬ । ১৭:০৬

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, বৈঠকে বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেন। প্রস্তাবটি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে দেশের সব বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

মাহদী আমিন বলেন, সরকারের সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করবে, যাতে বাংলাদেশের প্রতিটি বন্দর ২৪ ঘণ্টা সেবা দিতে পারে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে।

তিনি জানান, দীর্ঘ এ বৈঠকে বেসরকারি খাতের বিভিন্ন চ্যালেঞ্জ, বিদ্যমান সমস্যা, বিনিয়োগ পরিবেশ এবং ব্যবসা সম্প্রসারণের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাহদী আমিন বলেন, দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আওতাধীন এলাকায় কীভাবে আরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় এবং বিদ্যমান জটিলতা কীভাবে দূর করা যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজেদের মতামত তুলে ধরেন।

বেসরকারি খাতের বিকাশে সরকারের নীতিগত সহায়তার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে চান, যেখানে বেসরকারি খাতের জন্য শক্তিশালী নীতিগত সহায়তা থাকবে।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব বাজেট দিয়েছি। সেই নীতিমালাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের তরুণ ও নারীদের জন্য আরও বেশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।’

প্রধানমন্ত্রীর স্লোগান তুলে ধরে মাহদী আমিন বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই নীতিকে সামনে রেখেই দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন এবং নীতিগত বিভিন্ন প্রস্তাবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে বেসরকারি খাতের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।

মাহদী আমিনের ভাষায়, ‘এই আলোচনার মূল উদ্দেশ্য হলো ব্যবসা আরও সহজ করা, বিনিয়োগ বৃদ্ধি করা এবং এর মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!