কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদ বন্ধ করে..

প্রকাশ: ১ আগস্ট ২০২৬ । ০০:১২ | আপডেট: ১ আগস্ট ২০২৬ । ০০:১২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পটুয়াখালীর কলাপাড়ায় একটি কৃষিজমিতে চাষাবাদ বন্ধ করে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী অহিদুজ্জামান মুসা গত ৩০ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুইজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুলাই উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত তুহিন বিশ্বাস একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার প্রভাবের কারণে স্থানীয়রা মুখ খুলতে সাহস পান না।

মুসা জানান, তিনি ২০১০ সালে বালিয়াতলী মৌজার বিএস খতিয়ান নং ৫৪৭-এর দাগ নং ১৩৭৫ থেকে ১ একর ৪৮ শতাংশ জমি বৈধভাবে ক্রয় করেন। প্রয়োজনীয় সকল কাগজপত্র সম্পন্ন করে গত ১৬ বছর ধরে তিনি জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।

তার অভিযোগ, গত ২৯ জুলাই তুহিন বিশ্বাসের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তার জমিতে গিয়ে চাষাবাদ বন্ধ করে দেয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে জমিতে চাষাবাদ করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অহিদুজ্জামান মুসা বলেন, “নিজের বৈধ মালিকানাধীন জমিতে চাষাবাদ করতে চাঁদা দিতে হবে—এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? দীর্ঘদিন ধরে যে জমিতে চাষ করছি, সেখানে কেন চাঁদা দেব?” তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত তুহিন বিশ্বাস। তিনি বলেন, “মুসা আমার স্ত্রীর নিকট আত্মীয়। ওই জমিতে আমাদেরও মালিকানা রয়েছে। একই খতিয়ানের আওতায় আমরাও জমি ক্রয় করেছি। আমাদের জমি অন্তর্ভুক্ত করে তিনি চাষাবাদ করছিলেন। তাই বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাষাবাদ বন্ধ রাখতে বলা হয়েছে। চাঁদা দাবি করা তো দূরের কথা, এ বিষয়ে আমার সঙ্গে তার কোনো কথাই হয়নি। যা কথা হয়েছে, তা আমার স্ত্রীর সঙ্গে।”

এ বিষয়ে কলাপাড়া থানার এসআই ফোর খান বলেন, “আদালত থেকে এখনো এ মামলার তদন্তভার আমাদের কাছে আসেনি। তদন্তের দায়িত্ব পেলে প্রয়োজনীয় অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!