ভূমিকম্প প্রস্তুতিতে ১ লাখ স্বেচ্ছাসেবক,..

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ । ১৯:১৪ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ । ১৯:২৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশে সম্ভাব্য ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠন, ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া প্রদান এবং সরকারের সার্বিক প্রস্তুতি আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় জানানো হয়, জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হবে। তাদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা হবে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবকের তথ্যভান্ডার প্রস্তুত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরও ৩০ হাজার স্বেচ্ছাসেবক অন্তর্ভুক্ত করা হবে।

বৈঠকে ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়। পাশাপাশি সার্বক্ষণিক সমন্বয় ও তদারকির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া সম্ভাব্য দুর্যোগকালীন সময়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা এবং ঢাকা শহরে মানবিক সহায়তা প্রস্তুতি এলাকা (Humanitarian Staging Area) স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম. এ. মুহিত, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!