ভালোবাসা দিবসে পর্যটকশূন্য কুয়াকাটা, ক্ষতির..
প্রকাশ: 14 February 2026 । 14:37 | আপডেট: 14 February 2026 । 14:37
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
পটুয়াখালীর সমুদ্রকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটা বিশ্ব ভালোবাসা দিবসে সাধারণত পর্যটকের ভিড়ে মুখর থাকে। তবে ২০২৬-এ চিত্র ভিন্ন। দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে নিস্তব্ধতা; পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) এই দিনে প্রতি বছর ফাল্গুনের আবহ ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় করেন কুয়াকাটায়। কিন্তু চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে এলাকায় বিরাজ করছে স্থবিরতা। এর প্রভাব পড়েছে পর্যটন খাতে।
সৈকতসংলগ্ন হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে কক্ষসংখ্যার তুলনায় অতিথির উপস্থিতি ছিল নগণ্য। অনেক প্রতিষ্ঠানে বুকিং বাতিল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন আর্থিক চাপে। পর্যটকনির্ভর এ অঞ্চলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এমন মন্দা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
তবে সংখ্যায় কম হলেও যারা এসেছেন, তারা সমুদ্রের নোনা জলে অবগাহন করে সময় কাটিয়েছেন। কেউ সৈকতে খালি পায়ে হাঁটছেন, কেউবা আশপাশের দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। তুলনামূলক ফাঁকা পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন কয়েকজন দর্শনার্থী।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন এলাকায় ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে কুয়াকাটা সৈকত।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.