পটুয়াখালীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী..
প্রকাশ: ৩ ডিসেম্বর ২০২৫ । ১৬:৩৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ । ১৬:৩৪
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— প্রতিপাদ্য নিয়ে বুধবার (৩ ডিসেম্বর) পটুয়াখালীতে উদযাপিত হলো ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কিশোর রায়, উন্নয়ন সংস্থা এসডিএ’র নির্বাহী পরিচালক কে. এম. এনায়েত হোসেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস. এম. শাহাজাদা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৃষ্টিপ্রতিবন্ধী কামাল হাওলাদার।
আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদ হোসেন চৌধুরী বলেন, শারীরিকভাবে অসম্পূর্ণ ও ভিন্ন সক্ষম মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করতে হবে এবং তাদের কাজের প্রতি পূর্ণ সমর্থন ও সম্মান জানাতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিরা সমাজে নানা বাধার সম্মুখীন হন। তাদের জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং জেলার প্রতিবন্ধীদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে হবে।
প্রতিবন্ধীরা দেশের সুবর্ণ নাগরিক। তাদের প্রতিবন্ধী হিসেবে ঘোষণা পেতে নানা দপ্তরে যেতে হয়। দ্রুত সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে তাৎক্ষণিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শহীদ হোসেন চৌধুরী প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। তিনি নিজে বিভিন্ন স্থানে ঘুরে একটি ট্রাইসাইকেল, একটি হুইলচেয়ার, একটি হিয়ারিং এইড, তিনটি সাদা ছড়ি এবং শীতবস্ত্র হিসেবে ৫১টি কম্বল বিতরণ করেন।
এর আগে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মো. শহীদ হোসেন চৌধুরী, অন্যান্য অতিথি ও প্রতিবন্ধীরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে সমাপ্ত হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.