ছেলের পরিচালনায় অভিনয়ে ফিরছেন সোহেল..

প্রকাশ: 14 June 2023 । 21:26 | আপডেট: 14 June 2023 । 21:26

তানজিয়া রহমান বিনোদন করেসপন্ডেন্ট

মাঝখানে বেশ লম্বা সময় ধরে অসুস্থতায় ভুগছিলেন ঢালিউড কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। এখন কিছুটা সুস্থ। অবশেষে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন তিনি। ছেলে মাশরুর পারভেজ পরিচালিত ‘গোয়িং হোম’ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান এই অভিনেতাকে।

ছবির গল্পে দেখা যাবে, এক ব্যক্তি রাতে সানগ্লাস পরে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। উঠে আসে মুক্তিযুদ্ধও। নির্মাণের পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন মাশরুর।

সিনেমাটি নিয়ে নির্মাতা বলেন, ‘সিনেমা নির্মাণে অভিনয়শিল্পীর ব্যাপারে আমি খ্যাতিকে প্রাধান্য দিই না। গল্পের মারপ্যাঁচেই চরিত্রের জন্ম হয়। তাই পুরো স্ক্রিপ্ট হয়ে গেলে বিবেচনা করি কে কোন চরিত্রে ভালো করবে। সেই হিসেবে এবারও আমার বাবা সোহেল রানাকে নিতে হয়েছে। তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। আপনারা তাকে একটি অন্যরকম চরিত্রে দেখতে পাবেন।’

মাশরুর আরও বলেন, ‘মাঝে আব্বু-আম্মু অসুস্থ ছিলেন। সেটা নিয়ে আমাদের অনেক ধকল গেছে। এখন আল্লাহর রহমতে দুজনেই ভালো আছেন। সেজন্যই চাইছি সিনেমাটি মুক্তি দিতে। ঈদে চাইলেও সম্ভব নয়। কারণ, হল নিয়ে মারামারি পরিস্থিতি হবে। আমার ইচ্ছা ঈদের দুই সপ্তাহ পর সিনেমাটি মুক্তি দিতে। তবে আগস্টে যাব না।’

প্রসঙ্গত, ‘গোয়িং হোম’ সিনেমায় মাশরুর, সোহেল রানা ছাড়াও অভিনয় করেছেন নুসরাত জাহান জেরি, ফাহিম ফারুকসহ আরও অনেকে। এটি মাশরুর পারভেজ পরিচালিত দ্বিতীয় সিনেমা। ২০১৭ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম সিনেমা ‘রাইয়ান’।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!