ব্যয় বাড়লো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের

প্রকাশ: ১৪ জুন ২০২৩ । ১৭:৩৭ | আপডেট: ১৪ জুন ২০২৩ । ১৭:৩৭

শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট

সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিরাপত্তা পরামর্শদাতার ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পের ব্যয় পাঁচ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (১৪ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক ‘সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি’ প্রকল্পের নিরাপত্তা পরামর্শদাতা হিসেবে যৌথ উদ্যোগ আইসিটি ও ডিডিসিকে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত পাঁচ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৫৭৯ টাকা ব্যয় বাড়ানোর ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘শরীয়তপুর-জাজিরা-নাওডোবা (পদ্মা সেতু এপ্রোচ) সড়ক উন্নয়ন’ প্রকল্পের ডব্লিউপি-৩ প্যাকেজের নির্মাণকাজ যৌথভাবে মীর হাবিব আলম ও মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ১২৯ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার ৭০০ টাকায় ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

একইসঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর কর্তৃক চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএ কলোনির তিনটি ভেরিয়েশন প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে আগ্রাবাদ সিজিএ কলোনির ৬৫০ বর্গফুটের দুটি ২০ তলা আবাসিক ভবন ও ৮৫০ বর্গফুটের একটি ২০ তলা আবাসিক ভবন (২২৮ ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন অতিরিক্ত আট কোটি চার লাখ ৭৫ হাজার ২৮৭ টাকা ব্যয় বাড়ানো হয়েছে।

একই প্রকল্পের দ্বিতীয় প্রস্তাবে আগ্রাবাদ সিজিএ কলোনিতে ৮৫০ বর্গফুটের তিনটি ২০ তলা আবাসিক ভবন (২২৮টি ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত এক কোটি ৫৪ লাখ ২৬ হাজার ৯৭৭ টাকা ব্যয় বাড়ানোর এবং চট্টগ্রামের আগ্রাবাদ সিজিএ কলোনির তৃতীয় প্রস্তাবে এক হাজার বর্গফুটের তিনটি ২০তলা আবাসিক ভবন (২৮৮টি ফ্ল্যাট) নির্মাণের ভেরিয়েশন বাবদ ২১ লাখ ২০ হাজার ১৬৫ টাকা ব্যয় কমিয়ে সংশোধিত চুক্তিমূল্য ১৫৯ কোটি ৮২ লাখ দুই হাজার ৬৪৬ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!