রাজশাহীতে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে পহেলা..

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫ । ১৮:০৭ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ । ১৮:০৭

ওমর ফারুক “ ব্যুরো চীফ, রাজশাহী ”

আগামীকাল সোমবার পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ। এবার রাজশাহীতে জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হবে পহেলা বৈশাখ। এ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে পহেলা বৈশাখ উদ্যাপন করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো ধরণের অপ্রিতীকর ঘটনা এড়াতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আলাদা টিম মাঠে কাজ করবে। সেই সাথে বেঁধে দেওয়া হয়েছে অনুষ্ঠানের নির্ধারিত সময়সীমা।

রাজশাহী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারাদেশের মতো সকলের অংশগ্রহণে সুষ্ঠু, সুন্দর, জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দিবসটি উদ্যাপন উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে, সোমবার সকাল ৭টায় রাজশাহী সিএন্ডবি মোড় হতে শিশু একাডেমি পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টায় শিশু একাডেমিতে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন করা হবে। সকাল পৌঁনে ৮টায় একই স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানমালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

সুবিধাজনক সময়ে শিশু একাডেমিতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজশাহী কেন্দ্রীয় কারাগার, সকল হাসপাতাল, শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে। সুবিধাজনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব ব্যবস্থাপনায় জাঁকজমকপূর্ণভাবে বাংলা নববর্ষ উদ্যাপন করা হবে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু-কিশোর, শিক্ষার্থী, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশমূল্য ছাড়া দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

এদিকে, রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত পদ্মার পাড় ও অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আরএমপির ট্রাফিক বিভাগও বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সন্ধ্যা ৬টার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। মহাগরের বাইরে ৯টি উপজেলাতেও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আলাদা আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত জেলা (সার্বিক) প্রশাসক মাহিনুল হাসান বলেন, প্রত্যেক বছরের মতো এবারও নানা কর্মসূচীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখ উদযাপিত হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, জেলার উপজেলাগুলোতে যাতে সুষ্ঠভাবে মানুষ পহেলা বৈশাখ উদযাপন করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, পহেলা বৈশাখ সুষ্ঠভাবে ও নির্বিঘ্ন উদযাপনের লক্ষ্যে সব ধরণের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিনোদন স্পটগুলোতেও পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিকেল ৬টার মধ্যে সকল অনুষ্ঠান শেষ করার নির্দেশনা রয়েছে। এ ব্যাপারে ট্রাফিক বিভাগও কাজ করবে। আজ থেকেই পুলিশ কাজ শুরু করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!