দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও দর-কষাকষির পর অবশেষে নতুন মজুরি কাঠামো পেলেন তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা। রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে চতুর্থ সভা অনুষ্ঠিত হয়।

২৪ নভেম্বর শুরু হওয়া এ বৈঠক গড়ায় ২৫ নভেম্বর মধ্যরাত পর্যন্ত। টানা প্রায় ১২ ঘণ্টার আলোচনায় শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা ও দর-কষাকষি হয়।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এই তিনটি গ্রেডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

তবে সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড-৪-এর মজুরি নিয়ে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত গোপন ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়। ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গ্রেড-৪-এর মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।

নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তিনি।

অন্যদিকে, মালিকপক্ষ জানিয়েছে, শিল্পের সক্ষমতা ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতির গতিশীলতা ধরে রাখতে পোশাকশিল্পকে টিকিয়ে রাখার ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন মজুরি কাঠামোর ফলে পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ কমবে এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হবে।