আর্মি ট্যাকটিক্যাল ভেহিকল (সাঁজোয়া যান) চালিয়ে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় গাড়িতে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রীর কর্মসূচির মধ্যে ছিল তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করা। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।