দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান। এ সময় তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।
সোমবার (২৩ নভেম্বর) ৫৬তম বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিউইয়র্কে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইরিন খান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত অভিযান এবং স্বাধীনতাসংগ্রামে তাদের অবদানের কথা স্মরণ করেন। তিনি এই যৌথ প্রচেষ্টাকে মুক্তিযুদ্ধের একটি নির্ণায়ক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বাংলাদেশি শান্তিরক্ষীদের শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও বাংলাদেশি শান্তিরক্ষীরা ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা দিচ্ছেন এবং দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এ ছাড়া দেশের অভ্যন্তরে দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা প্রদান ও অবকাঠামোগত উন্নয়নেও সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন আইরিন খান।
বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব বজায় রাখায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি শান্তি, মানবিক কার্যক্রম ও আন্তর্জাতিক সংহতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত, সামরিক উপদেষ্টা, সামরিক প্রতিনিধি ও অন্যান্য কূটনীতিক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন