চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার পাশাপাশি প্রতিরোধকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেছেন, দেশে ডায়াবেটিসের প্রকৃত চিত্র জানতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী পূর্ণাঙ্গ জাতীয় জরিপ পরিচালনা করা হবে। পাশাপাশি চলতি বছর থেকেই দেশের ২০ থেকে ২৫টি উপজেলায় সমন্বিত স্বাস্থ্যসেবার পাইলট প্রকল্প চালু করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধারা নিউজ আয়োজিত ‘আজকের সতর্কতা, আগামীর সুস্থতা: ডায়াবেটিস মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এম এ মুহিত বলেন, দেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। সঠিক পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে এ সংখ্যা বেড়ে ২ কোটি ৩১ লাখে পৌঁছাতে পারে। আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই জানেন না যে তাঁদের ডায়াবেটিস রয়েছে। প্রতি বছর এ রোগে প্রায় ৩১ হাজার মানুষের অকালমৃত্যু হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, মাত্র ২০ থেকে ২৮ শতাংশ রোগীর ডায়াবেটিস নিয়ন্ত্রণে রয়েছে।
চক্ষুবিজ্ঞানে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে বহু মানুষ দৃষ্টিশক্তি হারালেও দেশে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট জাতীয় জরিপ নেই। একইভাবে নিউরোপ্যাথি ও নেফ্রোপ্যাথির কারণে কিডনি ও স্নায়ুর জটিলতা বাড়ছে। তাই রোগের প্রকৃত বিস্তার জানতে জাতীয় জরিপ ও মানসম্মত গবেষণা জরুরি।
উপজেলা পর্যায়ের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডি) কর্নারগুলোকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বর্তমানে এসব কেন্দ্রে মাত্র ৩০০ কোটি টাকার ওষুধ দেওয়া হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ বরাদ্দ ন্যূনতম ৩ থেকে ৫ হাজার কোটি টাকায় উন্নীত করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত পাইলট প্রকল্পে এনসিডি কর্নার শক্তিশালী করার পাশাপাশি কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও কাউন্সেলিং, চক্ষুস্বাস্থ্য, অন্ধত্ব প্রতিরোধ, প্রতিবন্ধীবান্ধব চিকিৎসাসেবা এবং নারীস্বাস্থ্য সেবাকে একীভূত করা হবে।
দেশের চারটি বিভাগীয় শহরে সমন্বিত নারীস্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, নারীস্বাস্থ্য মানে শুধু মাতৃস্বাস্থ্য নয়। ক্যানসার, কিডনি, চক্ষু ও ডায়াবেটিসসহ নারীর সামগ্রিক স্বাস্থ্যসেবাকে এক ছাতার নিচে আনতে হবে।
নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত করার ওপরও গুরুত্ব দেন ড. এম এ মুহিত। এ জন্য খাদ্য, কৃষি, শিক্ষা, বাণিজ্য, শিল্প এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে জানান তিনি।
বৈঠকে ‘বাংলাদেশে ডায়াবেটিসের বর্তমান চিত্র: ঝুঁকি, কারণ ও করণীয়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির প্রেসিডেন্ট-ইলেক্ট ডা. শাহজাদা সেলিম।
আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৪ সালের তথ্য তুলে ধরে তিনি জানান, দেশে ২০ থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে ডায়াবেটিসের হার ১৩ দশমিক ২ শতাংশ। এ হিসাবে বাংলাদেশ বিশ্বে সপ্তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশে বছরে ৩১ হাজার ৬২০ জন ডায়াবেটিসজনিত কারণে মারা যাচ্ছেন। প্রায় ৫৪ লাখ বা ৩৯ দশমিক ১ শতাংশ রোগী এখনো শনাক্তের বাইরে রয়েছেন।
ডা. শাহজাদা সেলিম বলেন, জাতীয় পর্যায়ে পূর্ণাঙ্গ জরিপ না থাকায় দেশে ডায়াবেটিসের প্রকৃত চিত্র স্পষ্ট হচ্ছে না। ২০২২ সালের বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) বিশ্লেষণে ডায়াবেটিসের প্রাদুর্ভাব ২০ দশমিক ৪ শতাংশ পাওয়া গেছে। এ ছাড়া শহরের তুলনায় গ্রামে এবং উচ্চ আয়ের মানুষের তুলনায় স্বল্প আয়ের মানুষের মধ্যে রোগী বৃদ্ধির হার বেশি।
কম বয়সীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর তথ্যমতে, দেশের মোট টাইপ-২ ডায়াবেটিস রোগীর ২ শতাংশের বয়স ১৬ বছরের কম এবং ৪ শতাংশের বয়স ২০ বছরের নিচে।
ডায়াবেটিসের অন্যতম কারণ হিসেবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ ও চিনি গ্রহণ, তামাক ব্যবহার, শারীরিক পরিশ্রমের অভাব এবং পর্যাপ্ত ঘুমের ঘাটতির কথা উল্লেখ করেন তিনি। প্রতিরোধে নিরাপদ খাদ্য, চিনি নিয়ন্ত্রণ নীতিমালা, হাঁটার উপযোগী পরিবেশ এবং একটি স্বতন্ত্র এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি তুলে ধরে অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন আব্বাসী বলেন, ২০২৪ সালে বাংলাদেশে গর্ভকালীন ডায়াবেটিসের আনুমানিক হার ছিল ১৮ দশমিক ৫ শতাংশ। এ রোগে আক্রান্ত মায়েদের ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ৮ থেকে ১০ গুণ বেড়ে যায়। একই সঙ্গে সন্তানের স্থূলতা ও বিপাকীয় জটিলতার ঝুঁকিও বাড়ে।
তিনি জাতীয় গর্ভকালীন চেকআপ প্রোটোকলে ডায়াবেটিস স্ক্রিনিং বাধ্যতামূলক করা, উপজেলা ও জেলা হাসপাতালে পরীক্ষার সুবিধা নিশ্চিত করা এবং প্রসব-পরবর্তী ফলোআপ চালুর প্রস্তাব দেন।
ডায়াবেটিস ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে আলোচনা করেন বারডেমের সেন্টার ফর হেলথ রিসার্চ অ্যান্ড ইমপ্লিমেন্টেশনের ডেপুটি ডিরেক্টর ডা. নাভিদ আহমেদ। তিনি বলেন, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিষণ্ণতা ও উদ্বেগের প্রবণতা উল্লেখযোগ্য। মানসিক চাপের কারণে অনেক রোগী নিয়মিত চিকিৎসা ও ওষুধ গ্রহণেও অনীহা দেখান। এ সমস্যা মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা যুক্ত করা জরুরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুল হামিদ বলেন, ডায়াবেটিসের চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বিপর্যয়কর হয়ে উঠছে। ২০১৬-১৭ সালের খানা আয়-ব্যয় জরিপের তথ্য অনুযায়ী, রোগীপ্রতি বছরে গড়ে ২৫ হাজার ৪৭৩ টাকা নিজ পকেট থেকে ব্যয় হয়। এ ব্যয়ের বড় অংশই যায় ওষুধ কেনায়। ফলে অনেক পরিবার ঋণ নিতে বা সম্পদ বিক্রি করতে বাধ্য হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম ডায়াবেটিস প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের ওপর গুরুত্ব দেন। তিনি খাবারের প্লেটের অর্ধেক শাকসবজি ও ফলমূল এবং বাকি অংশে শর্করা ও আমিষ রাখার পরামর্শ দেন।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ বলেন, স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি মানুষের ব্যক্তিগত সচেতনতা ও জীবনযাপনে পরিবর্তন জরুরি। প্রাথমিক পর্যায় থেকেই স্কুলে পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা ও স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করতে হবে।
দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বি বলেন, শুধু হাসপাতাল ও ইনস্টিটিউট বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য জনস্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, শিশুদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং শারীরিক পরিশ্রমের সুযোগ বাড়াতে হবে। তিনি বন্ধ হয়ে যাওয়া স্কুল হেলথ প্রোগ্রাম পুনরায় চালুর আহ্বান জানান।
গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন ধারা নিউজের সম্পাদক খায়রুল বাশার শামীম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজনের প্রধান সহযোগী প্রতিষ্ঠান ফিটব্যাক রিসেটের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকিদুজ্জামান। বৈঠকের টাইটেল স্পন্সর ছিল ফিটব্যাক রিসেট, স্ট্র্যাটেজিক পার্টনার বসুন্ধরা মেডিকেল সিটি এবং সহযোগিতায় ছিল আরমানি প্রপার্টিজ লিমিটেড।
মন্তব্য করুন