২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর পরিচালিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’-এ রাখাইনে বসবাসরত ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গাকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল। ওই অভিযানে সেনাবাহিনীর হাতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু নিহত হয়েছেন।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায়ে এসব তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক ইয়াসাসাওয়া। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এবং নিহত রোহিঙ্গাদের সংখ্যা সম্পর্কে আদালত নিশ্চিত হয়েছে বলে জানান তিনি।

রায় পড়ার সময় বিচারক ইয়াসাসাওয়া বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া রোহিঙ্গাদের সংখ্যা এবং নিহতের সংখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য। সংখ্যার বিচারে এই জনগোষ্ঠীকে গণহত্যা সনদের আওতায় একটি ‘তাৎপর্যপূর্ণ’ গোষ্ঠী হিসেবে বিবেচনা করা যায়।

২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর অভিযান শুরুর পর সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার ঘটনায় গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আদালতের এই রায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গভীর আগ্রহের সঙ্গে রায়টি পর্যবেক্ষণ করছেন।

সূত্র: বিবিসি।