রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলেও দাবি করেন রিজভী।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ভিন্নমতের দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক চরিত্র। তারা আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় ফিরতে চায় তারা। এ ক্ষেত্রে ভারত থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অতীতে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার ইতিহাসকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও খাটো করা হয়েছিল। সত্য ইতিহাস আড়াল করে মিথ্যা ইতিহাস তুলে ধরা হয়েছিল।
মন্তব্য করুন