ব্যাংকিং খাত পুনর্গঠন ও আর্থিক খাতের নিরাপত্তা বলয় জোরদারে বাংলাদেশকে সহজ শর্তে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গপ্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)।
‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট-২’ প্রকল্প বাস্তবায়নে দেওয়া এ ঋণের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫৮০ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।
এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে চুক্তিতে সই করেন।
শনিবার (৩১ অক্টোবর) ইআরডি থেকে এ তথ্য জানানো হয়।
২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রকল্পটির মূল লক্ষ্য দেশের আর্থিক খাতের নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করা, ব্যাংকিং খাতের তদারকি সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে সহায়তা দেওয়া। পাশাপাশি প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা ও আর্থিক স্থিতিশীলতা জোরদার করা হবে।
প্রকল্পের আওতায় আইসিটি অবকাঠামো উন্নয়ন, ব্যাংকিং খাতের তদারকি সক্ষমতা বৃদ্ধি, আর্থিক খাতের সুরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং ব্যাংক পুনর্গঠন কার্যক্রমে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া ডিপোজিট ইন্স্যুরেন্সের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, ব্যাংক রেজল্যুশন কার্যক্রম কার্যকর করা এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।
ঋণের শর্তাবলি
ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ কমিটমেন্ট ফি নির্ধারণ করা হয়েছে। পাঁচ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।
বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম বৃহৎ বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো এবং জ্বালানি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির অর্থায়ন অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন