দেশে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্রথমবারের মতো বড় পরিসরে ‘বাংলাদেশ সোলার এক্সপো’ আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশ নেবে। এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) যৌথ উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। সৌরপ্রযুক্তির প্রসার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোই এ প্রদর্শনীর মূল লক্ষ্য।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, আগামী ৩ ও ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ এক্সপো অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ বিভাগ ও ইডকল যৌথভাবে এর আয়োজন করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে বৃহৎ পরিসরে সৌরবিদ্যুৎ উৎপাদন, বাসাবাড়ি ও শিল্পকারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা, সৌর সেচপ্রযুক্তি, শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং উদ্ভাবনী অর্থায়নের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি সরকারি সংস্থা, দেশি-বিদেশি প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা দ্রুত বাস্তবায়নের উদ্দেশ্যে এ এক্সপোর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে এ খাতে কাজ করা বিভিন্ন কোম্পানি ও উদ্যোক্তার মধ্যে যোগাযোগ বাড়বে।

আয়োজকদের প্রত্যাশা, দুই দিনের এ প্রদর্শনীতে আটটি বিশেষায়িত অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা অংশ নেবেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে সৌরপ্রযুক্তি, ইনভার্টার, ব্যাটারি ও সোলার মডিউল প্রদর্শন করবে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্লাটিনাম, গোল্ড ও সিলভার শ্রেণিতে স্পনসরশিপের সুযোগও রাখা হয়েছে।