ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরকারি বাসায় অপরিচ্ছন্ন পরিবেশ বা এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বরাদ্দ বাতিল ও বড় অঙ্কের জরিমানা করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ’ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলতে প্রধানমন্ত্রী শুরু থেকেই সচেষ্ট। তবে সরকারি কোয়ার্টার, অ্যাপার্টমেন্ট ও হাসপাতাল পরিদর্শনে এডিস মশার লার্ভা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবহেলার চিত্র পাওয়া গেছে। নগরীর পরিচ্ছন্নতার বিষয়ে কোনো আপস করা হবে না।
পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে তিনি বলেন, অনিয়ম বা মশার লার্ভা পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের বাসস্থান পরিচ্ছন্ন রাখতে না পারলে তাঁদের সরকারি বাসায় থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকার সৌন্দর্য ফিরিয়ে আনতে হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার করার কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলমান রয়েছে। চুরি ঠেকাতে প্লাস্টিক বা লোহার বদলে ফাইবার বোর্ডের ডাস্টবিন স্থাপনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, পরিবীক্ষণ টিমগুলোর সমন্বিত ও কঠোর ভূমিকার মাধ্যমে আগামী এক থেকে দুই মাসের মধ্যে ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২০টি জোনে ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশনে ১০টি করে কমিটি কাজ করছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
মন্তব্য করুন