বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তর জোরদারে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় বেলা ৩টায় জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের (জেবিপিএফএল) সভাপতি তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে তারো আসোর অবদানের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। ২০০৬ সালে জাপান সফরের সময় তারো আসোর সঙ্গে সাক্ষাতের স্মৃতিও স্মরণ করেন তিনি। অন্যদিকে, তারো আসো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করেন।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তারো আসো বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও বর্তমান পরিস্থিতি জাপানি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। জাপানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সরকার আইনি সংস্কারসহ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নেও কাজ করছে সরকার।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতে বাংলাদেশের মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জাপানের সাবেক মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনমন্ত্রী তাতসুনোরি ইবায়াশি এবং দেশটির সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।