দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২১৮ জন।
সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবরেই মারা গেছেন ১৪৪ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ১৬৬ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৯৪২ জন। এ ছাড়া রাজশাহী বিভাগে ২৪৬ জন, চট্টগ্রামে ২৪০ জন, বরিশালে ২৩২ জন, ময়মনসিংহে ১২১ জন, রংপুরে ১১৩ জন, খুলনায় ২৮৪ জন এবং সিলেট বিভাগে ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্য করুন